রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম শাহ আলম (১৪)। সে একটি পোশাক কারখানায় কাজ করত বলে জানা গেছে।
মঙ্গলবার (২১এপ্রিল) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. কামরুজ্জামান জানান, সন্ধ্যার দিকে শাহ আলম ছাদে ঘুরতে যায়। ভবনের ছাদে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। বিধায় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত শাহ আলমের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়বাজার গ্রামে। তার বাবার নাম মো. সাইদুল ইসলাম। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা স্কুলগলি এলাকার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন তারা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।