logo

ঢামেকের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক

ঢামেকের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক
ঢামেক হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক মো. রাকিব। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. রাকিব নামে এক যুবককে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক করেছে আনসার সদস্যরা।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

ঢামেকের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে ওই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। এরপর কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আটক রাকিব বরিশাল জেলার গৌরনদী উপজেলার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করেন।

রাকিব জানান, তার ভাই অসুস্থ হওয়ায় তাকে ভর্তি করাতে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। অনেক চেষ্টা করেও ভর্তি করাতে না পেরে একজনের পরামর্শে তিনি সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসকের পরিচয় দেন। এরপরই আনসার সদস্যরা তাকে আটক করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ থেকে আটক করার পর আনসার সদস্যরা রাকিবকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। তাকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।