দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসা, অভিযানে গ্রেপ্তার ৩

রাজধানীর গুলশান এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) বিকেলে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার (১২ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি দল ৩৬ নম্বর সড়কে অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ লাখ টাকার জাল নোট এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
গুলশান থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক তদন্তে উদ্ধার করা নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।