ঈদের ছুটিতে ঢাকার বায়ুমানের উন্নতি

বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর তালিকায় ঢাকার নাম থাকলেও ঈদুল আজহার ছুটি ও বৃষ্টির মধ্যে রাজধানীর বায়ুমানে উন্নতি হয়েছে। তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি।
বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের মঙ্গলবার (২৬ মে) সকাল ৮টা থেকে ৯টার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) লাইভ থেকে এসব তথ্য উঠে এসেছে।
তালিকা অনুযায়ী, ১৯৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে দিল্লি। এই মাত্রার বায়ুদূষণকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো। শহরটির একিউআই স্কোর ১৪০। তৃতীয় স্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ১৩২। এই দুই শহরের বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষণের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা (১২৯), পঞ্চম স্থানে সৌদি আরবের রিয়াদ (১১৫), ষষ্ঠ স্থানে পাকিস্তানের লাহোর (৯৯), সপ্তম স্থানে উগান্ডার কাম্পালা (৯৬), অষ্টম স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (৯৪), নবম স্থানে চীনের চেংদু (৮৮) ও দশম স্থানে পাকিস্তানের করাচি (৮৪)।
তালিকায় ৭৩ স্কোর নিয়ে ঢাকার ১৭তম স্থানে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুমান ‘ভালো’ বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মধ্যম বা ‘সহনীয়’ পর্যায়ে থাকে। ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে তা সাধারণ মানুষের জন্যও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।