logo

দুর্গন্ধ পেয়ে পুলিশকে ফোন, মোহাম্মদপুরে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
দুর্গন্ধ পেয়ে পুলিশকে ফোন, মোহাম্মদপুরে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরের ডি ব্লকের নূরজাহান রোডের এই বাড়িটি থেকে আব্দুল কাইয়ুমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডের ডি-ব্লকের একটি বাসা থেকে এরশাদুল হক রতন (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২টা ৩০ মিনিটে রনি নামে এক ব্যক্তি মোবাইল ফোনে পুলিশকে জানান, নুরজাহান রোডের ডি-ব্লকের ভি-২১ নম্বর বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানার অফিসার ও ফোর্স ঘটনাস্থলে গিয়ে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করেন। এ সময় বাড়ির একটি জানালার পাল্লা খুলে ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে মৃতের ছোট ভাই রঞ্জুর উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এরশাদুল হক রতন ওই বাসার স্থায়ী বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার পিতা মৃত আব্দুল কাইয়ুম মন্ডল।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় মায়ের সঙ্গে বসবাস করতেন। গত ফেব্রুয়ারি মাসে তার মা মারা যাওয়ার পর থেকে তিনি ওই বাসায় একাই বসবাস করছিলেন। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন বলেও জানা গেছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতের স্ত্রী ও একমাত্র মেয়ে দীর্ঘদিন ধরে রংপুরে বসবাস করছেন।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।