খিলগাঁওয়ে ৫৭৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে চেকপোস্ট অভিযানে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তারকৃতের নাম মো. শাহীন (২০)। তার সহযোগী ওমর ফারুক (২৬) পালিয়ে গেছে।
ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা ৫ মিনিটে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে চেকপোস্ট ডিউটির সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় শাহীনের হাতে থাকা কালো কাঁধব্যাগ তল্লাশি করতে গেলে সে পলিথিনে মোড়ানো ইয়াবার প্যাকেট রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সহযোগী ওমর ফারুক পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে শাহীনের ফেলে দেওয়া পলিথিন ব্যাগ তল্লাশি করে ৩০টি নীল রঙের এয়ারটাইট জিপার প্যাকেটে রাখা ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটিসহ মোট চারটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন স্বীকার করেছে, সে ও ওমর ফারুক বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো বহন করছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত শাহীন ও পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।





