দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সড়কে খোঁড়াখুঁড়ির বিষয়ে কড়া বার্তা ডিএমপি কমিশনারের

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত মোসলেহ্ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের প্রথম দিন তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বৈঠকে যোগ দেন। এ সময় ঈদ উপলক্ষে সড়কে খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার আহ্বান জানান তিনি।
সোমবার (১৮ মে) বেলা ১১টায় ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এ সভার আয়োজন করে ডিএমপি। ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোসলেহ্ উদ্দিন আহমদ।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, এই রাষ্ট্র ও শহর আমাদের সবার। শহর ও রাষ্ট্রকে সুন্দর এবং সচল রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ঈদের সময় সড়ক খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করার আহ্বান জানান তিনি।
মোসলেহ্ উদ্দিন বলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে।
সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, সড়ক ও নৌপরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
নবনিযুক্ত ডিএমপি কমিশনার সোমবার (১৮ মে) সকাল থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে তার দাপ্তরিক কাজ শুরু করেন। এর আগে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে একটি বিশেষ সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
ওই প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির প্রধান হিসেবে কর্মরত অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদকে ডিএমপির নতুন প্রধান হিসেবে বদলি ও পদায়নের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা মেনেই আজ তিনি সিআইডি থেকে এসে ডিএমপির দায়িত্ব নিলেন।