logo

কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে ২৫ ভরি স্বর্ণ ছিনতাই

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে ২৫ ভরি স্বর্ণ ছিনতাই
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশদ্বার। ছবি: ডয়চে ভেলে

ঢাকার কেরানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ও তার ভাইকে জিম্মি করে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। পরে গুলিবিদ্ধ অবস্থায় অন্তর সরকার (২৭) ও তার ফুফাতো ভাই রাজিব সরকারকে (২০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞঞ্জের হযরতপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তর সরকার কেরানীগঞ্জের হযরতপুর বাজারে স্বর্ণের ব্যবসা করেন। প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করে অন্তর সরকার, তার বাবা মিতাই সরকার এবং ফুফাতো ভাই রাজিব স্বর্ণ-অলংকার ও নগদ টাকা নিয়ে একটি অটোরিকশা করে তাদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়ার দিকে যাচ্ছিলেন।

রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে অটোরিকশাটি হযরতপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও সিএনজি করে আসা ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। দুর্বৃত্তরা অন্তরের ডান পায়ে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেল বিস্ফোরণের স্প্লিন্টারের আঘাতে রাজিবও আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়। বর্তমানে ঢামেক হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জাহান জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আনা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।