হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে সায়েদাবাদ হানিফ ফ্লাইওভারের ওপর গাড়ির ধাক্কায় মোহাম্মদ রাজিব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
রাজিবকে হাসপাতালে নিয়ে আসা রায়হান জানান, রাজিব মোটরসাইকেল চালিয়ে সায়েদাবাদ হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাজিব শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শিকদারবাড়ি এলাকার আফতাব শিকদারের ছেলে। তিনি পেশায় একটি সিএনজি পাম্পের কর্মচারী ছিলেন। বর্তমানে যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে রাজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
