logo

রাজধানীর পল্টন ও কদমতলীতে দুই মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টন ও কদমতলীতে দুই মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টন ও কদমতলী এলাকা থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাতে তাদের অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পল্টন থানার রাজউক ভবনের পাশের ফুটপাত থেকে আনুমানিক ৫৫ বছর বয়সি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 
সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, সন্ধ্যায় খবর পেয়ে ফুটপাত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

অন্যদিকে কদমতলীর কুসুমবাগ মসজিদের পাশের রাস্তা থেকে আনুমানিক ৭০ বছর বয়সি এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনিও ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলেন।

মৃত দুই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে ঢামেকের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তা ও আঙুলের ছাপ মিলিয়ে তাদের পরিচয় বের করার চেষ্টা চলছে।