যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফাঁড়ির ওয়াশরুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।
পুলিশ ও পারিবারিক সূত্র বলছে, দীর্ঘদিনের মানসিক অবসাদ ও হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। পরে দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শফিকুল ইসলাম ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। মৃত্যুর আগে রাত ৩টা ২৫ মিনিটে তিনি তার বড় মেয়ের মোবাইল ফোনে একটি খুদে বার্তা পাঠান।
বার্তায় লেখা ছিল— ‘আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রাখিও।’ এরপর পরিবারের পক্ষ থেকে একাধিকবার ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি। নিহতের চাচাতো ভাই পারভেজ মল্লিক জানান, শফিকুল দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন এবং চিকিৎসকের শরণাপন্নও হয়েছিলেন। তিনি প্রায়ই ঘুমের সমস্যার কথা বলতেন।
শফিকুল দুই ছেলে ও এক মেয়ের বাবা। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মৌটুপী গ্রামে। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে। যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, ফাঁড়ির ওয়াশরুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কনস্টেবল শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।