লোহা গলানোর সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

রাজধানীর ডেমরার বাঁশেরপুর এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণ ঘটেছে। এ সময় তিন শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে বাঁশেরপুরে অবস্থিত জেডএসআরএম নামক ওই স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
আহত তিন শ্রমিক হলেন সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে দুজন চিকিৎসাধীন আছেন। একজনক ছেড়ে দেওয়া হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, সাব্বিরের ৩৫ শতাংশ, তোফাজ্জলের ২৩ শতাংশ আর মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। মাজেদকে ছুটি দেওয়া হয়েছে। বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে আনা সহকর্মী আল-আমিন হোসেন জানান, রোববার সকালে শ্রমিকরা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গালানোর কাজ করছিলেন। তখন বয়লারে গোলযোগ সৃষ্টি হলে একটি বিস্ফোরণ ঘটে।
এতে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে সাব্বির, তোফাজ্জল ও মাজেদ দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয় বলে জানান তিনি।
