বকেয়া বেতনের দাবিতে উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

এশিয়া পোস্ট প্রতিবেদক
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ
রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের বাঘের বাজার এলাকার ‘লিথি গ্রুপ’ নামে একটি পোশাক কারখানার বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরার আজমপুর এলাকার এইচএম প্লাজার সামনে (গ্রুপটির প্রধান কার্যালয়) এই আন্দোলন করেন শ্রমিকেরা। এতে কারখানাটির প্রায় শতাধিক শ্রমিক অংশ নেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি হঠাৎ করেই গাজীপুরের বাঘের বাজারে অবস্থিত গার্মেন্টস কারখানাটি বন্ধ ঘোষণা করেছে। তবে কারখানার শ্রমিকদের গত তিন মাসের বেতন-ভাতা এখনো পরিশোধ করা হয়নি। পাওনা অর্থ আদায়ের দাবিতেই তারা বাধ্য হয়ে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে তারা নিয়মিত দায়িত্ব পালন করলেও তিন মাসের বেতন বকেয়া পড়ে আছে। এখন হঠাৎ কারখানা বন্ধ ঘোষণার পর তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই বকেয়া পাওনা দ্রুত পরিশোধের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এদিকে শ্রমিকদের এই অবস্থানের কারণে প্রধান কার্যালয়ের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।

এ বিষয়ে লিথি গ্রুপ কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শ্রমিকেরা স্পষ্ট জানিয়েছেন, বকেয়া বেতন-ভাতা পরিশোধের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।