যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও যাত্রাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আক্তার হোসেন।
আক্তার হোসেন জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শনির আখড়া এলাকার দনিয়া কলেজের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু, একটি চাপাতি, একটি ধারাল সুইচ গিয়ার ও চারটি লোহার রড জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, মো. আল আমিন ওরফে রমজান (৩০), মো. সাজিম প্রকাশ সানি (২১), মো. রিফাত দেওয়ান (২৪), মো. রাকিব (২২) ও বিপ্লব (২৬)।
ডিসি আক্তার হোসেন জানান, দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি দনিয়া কলেজের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন, এমন তথ্যের ভিত্তিতে সিটিটিসি ও যাত্রাবাড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

