তুরাগে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর তুরাগে ইয়াবাসহ মো. মামুন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তুরাগের ভাটুলিয়ার তুরাগ নদীর পাড়ের ট্রাকস্ট্যান্ডের একটি টিনশেড ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামুনের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায়। তিনি তুরাগের দেওড়া স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার মূল্য ১৬ হাজার ৬০০ টাকা।
ওসি মোস্তাফিজ বলেন, মামুন একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে তুরাগ থানার বিভিন্ন এলাকায় ইয়াবা কেনাবেচা করে আসছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজ।





