রাজধানীতে ১০০ কেজি গাঁজাসহ গাড়ি জব্দ, চালক পলাতক

রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি গাঁজাসহ একটি নিশান জিপ জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগরের ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক বাড্ডা জোনের চেকপোস্টে দায়িত্ব পালনকালে সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান জিপকে থামার সংকেত দেন।
পুলিশের সংকেত পেয়ে চালক গাড়িটি থামালেও মুহূর্তের মধ্যে সেটি রাস্তায় রেখে দৌড়ে পালিয়ে যান।
পরে ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়িটি তল্লাশি চালিয়ে পেছনের অংশ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
বাড্ডা থানা সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




