logo

সোনারগাঁয়ে সিমেন্ট ফ্যাক্টরিতে পড়ে শ্রমিকের মৃত্যু

সোনারগাঁয়ে সিমেন্ট ফ্যাক্টরিতে পড়ে শ্রমিকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মদিনা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করার সময় উপর থেকে পড়ে মো. মোসাদ্দেক হোসেন (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টার দিকে সোনারগাঁ এলাকার ওই সিমেন্ট ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মদিনা সিমেন্ট কারখানার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইমতিয়াজ বলেন, নিহত মোসাদ্দেক হোসেন কারখানাটির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, নিহত মোসাদ্দেক হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ডালাইপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।