logo

তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ, শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে প্রত্যাহার

তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ, শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে প্রত্যাহার

ঢাকার তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় বকেয়া বেতনের দাবিতে সকালে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন নাসা মেইনল্যান্ডের কয়েকশ পোশাক শ্রমিক। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর মহাখালী-নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিঙ্ক রোডে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দুপুরে যান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সেখানে তারা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন।

আলোচনা শেষে শ্রমমন্ত্রী শ্রমিকদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ঘটনাস্থলে এসেছেন এবং সমস্যার সমাধানে আগামীকাল বেলা ১১টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে শ্রমিক প্রতিনিধি, নাসা মেইনল্যান্ডের মালিকপক্ষ এবং বিজিএমইএর সভাপতি উপস্থিত থাকবেন।

মন্ত্রী আরও বলেন, বিষয়টি নিয়ে কিছু আইনি জটিলতা রয়েছে। এমন একটি সমাধানের চেষ্টা করা হবে, যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং মালিকপক্ষও তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে এবার সমন্বিত উদ্যোগে অন্য সময়ের মতো বড় ধরনের অবরোধ পরিস্থিতি তৈরি হয়নি। জনদুর্ভোগের কথা বিবেচনা করে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনায় নাসা মেইনল্যান্ড কর্তৃপক্ষ জানায়, তাদের ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দ থাকায় কারখানা পরিচালনা ব্যাহত হচ্ছে। তবে তারা মার্চ মাসের বেতন পরিশোধ করতে পারবে বলে জানিয়েছে। পাশাপাশি শ্রমিকদের ‘আর্নড লিভ’–এর পাওনা পরিশোধে সরকারের সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি।

শ্রমমন্ত্রীর আশ্বাস এবং পরদিনের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বিকেলে অবরোধ তুলে নেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।