কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পবন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর বাজার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
নিহত তরিকুল ইসলাম পবন (২৭) ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা কলিমুল্লাহ বাগ এলাকার শফিকুল ইসলাম মাসুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে পবন মোটরসাইকেলে আব্দুল্লাহপুর বাজার ব্রিজ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলের পেছনে এক নারী যাত্রী ছিলেন। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি। পথে একদল ছিনতাইকারী মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পবনকে ছুরিকাঘাত করে সড়কে ফেলে দেয়। পরে তারা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পথচারীদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওসি সাইফুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।