logo

৩৪ হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ডিএসসিসির

৩৪ হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ডিএসসিসির
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার তিন দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় মোট ৩৩ হাজার ৯৪২ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়ে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে (রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে) প্রথম দিনের বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে।

সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে আনুষ্ঠানিকভাবে বর্জ্য পরিবহন শুরু হবে। তিন দিনের বর্জ্য অপসারণের একটি দৈনিক লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে ডিএসসিসি। প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন, দ্বিতীয় দিনে প্রায় ১১ হাজার ৭৭৬ টন, তৃতীয় দিনে প্রায় ৬ হাজার ২৩১ টন ময়লা অপসারণ করা হবে।

প্রশাসক বলেন, বর্জ্য অপসারণের এই বিশাল কর্মযজ্ঞটি সফল করতে ডিএসসিসি এলাকায় এবার মোট ১৩ হাজার ৪৫৩ জন জনবল সার্বক্ষণিক মাঠে নিয়োজিত থাকবে। বর্জ্য পরিবহনের জন্য ট্রাক, কম্প্যাক্টর, কনটেইনার ক্যারিয়ার, পে-লোডার, ডোজারসহ প্রায় ২ হাজার ১১৭টি যান ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, এ ছাড়া পরিবেশ সুরক্ষায় ও জীবাণুনাশে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন ও ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল (পচনশীল) ব্যাগ বিতরণ করা হচ্ছে।

পুরো বর্জ্য অপসারণ ও পশুর হাটের কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

প্রশাসক আবদুস সালাম ঈদে ঢাকাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে ডিএসসিসির পক্ষ থেকে নগরবাসীর প্রতি চারটি আহ্বান জানিয়ে বলেন, ডিএসসিসি কর্তৃক নির্ধারিত ৭৫টি ওয়ার্ডের নির্দিষ্ট স্থানে কোরবানি সম্পন্ন করুন। কোরবানির পশুর বর্জ্য সরবরাহকৃত ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখুন, যেন পরিচ্ছন্নতাকর্মীরা সহজে সংগ্রহ করতে পারেন। কোরবানি করার পর সংশ্লিষ্ট স্থানটি পানি দিয়ে ভালো করে ধুয়ে ব্লিচিং পাউডার ও স্যাভলন জাতীয় জীবাণুনাশক ছিটিয়ে দিন। ড্রেন, নর্দমা কিংবা যত্রতত্র পশুর বর্জ্য ফেলবেন না; এতে রোগ-জীবাণু ছড়ানোর পাশাপাশি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হতে পারে।