Advertisement
প্রক্সি পরীক্ষার জালিয়াতি

৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩

এশিয়া পোস্ট প্রতিবেদক
৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী বসিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সক্রিয় একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজন কর্মকর্তাসহ তিন সরকারি চাকরিজীবীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— নুরন্নবী (৫৫), মো. সোহেল (৪০) ও জুলফিকার আলী ওরফে রায়হান (২৯)। নুরন্নবী ও সোহেল চট্টগ্রামের কর অঞ্চল-২-এ অফিস সহায়ক হিসেবে কর্মরত। আর জুলফিকার আলী বর্তমানে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে জুনিয়র সহকারী ব্যবস্থাপক এবং সম্প্রতি ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে সিআইডি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কর অঞ্চল-নোয়াখালীর বিভিন্ন পদে নিয়োগের জন্য গত ৫ জুন অনুষ্ঠিত পরীক্ষার পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কাগজপত্র যাচাই করতে গিয়ে হাতের লেখায় অসঙ্গতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে কয়েকজন প্রার্থী স্বীকার করেন, তারা নিজেরা পরীক্ষায় অংশ নেননি; তাদের পরিবর্তে অন্য ব্যক্তি লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন।

এরপর সুধারাম মডেল থানায় মামলা হওয়ার পর শুরু থেকেই ছায়া তদন্তে নামে সিআইডির নোয়াখালী জেলা ইউনিট। তদন্তে উঠে আসে, অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ করে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। চক্রের সদস্যরা পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষা দিয়ে চাকরি নিশ্চিত করার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নিতেন বলেও তদন্তে জানা গেছে।

সিআইডির অভিযানে বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রামের আগ্রাবাদ থেকে নুরন্নবী ও মো. সোহেলকে এবং কক্সবাজারের মাতারবাড়ি এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় জুলফিকার আলীকে গ্রেপ্তার করা হয়।

এ মামলায় এখন পর্যন্ত মোট ছয়জন এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। সিআইডি বলছে, প্রক্সি পরীক্ষার এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।