যাত্রাবাড়ীতে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, ছিনতাইকারী আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার ও আব্দুল পারভেজ হৃদয় (২২) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন।
যাত্রাবাড়ী ট্রাফিক জোনের পুলিশের বরাত দিয়ে আকতার জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় যাত্রাবাড়ী ২ নম্বর সিগন্যাল এলাকায় অবৈধ ফলের মার্কেট উচ্ছেদ অভিযান পরিচালনার সময় স্থানীয় লোকজনের চিৎকার শুনতে পান যাত্রাবাড়ী ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা।
স্থানীয়রা তাদের জানায়, মোবাইল ফোন ছিনতাই করে এক ব্যক্তি পালিয়ে যাচ্ছে। এ সময় ছিনতাইকারীকে ধাওয়া করে স্থানীয় জনগণের সহায়তায় ছিনতাই হওয়া মোবাইল ফোনটিসহ হাতেনাতে আটক করে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
