কাফরুল থেকে ভোলার কৃষকলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর কাফরুল থেকে ভোলার তজমুদ্দিন উপজেলা কৃষকলীগ নেতা ফরিদুল তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
কাফরুল থেকে সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদুল তালুকদারের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার হাটশশিগঞ্জ এলাকায়। বর্তমানে তিনি কাফরুল থানার এসপি পাড়ার একটি বাসায় থাকতেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির বলেন, গ্রেপ্তার হওয়া ফরিদুল তালুকদারের রাজনৈতিক পরিচয়ের মধ্যে রয়েছে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এ ছাড়াও ফরিদুল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তজুমদ্দিন উপজেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ডিসি ইলিয়াস।
