খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মুয়াজ্জিনের

রাজধানীর শাহজাহানপুর থানার খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ মাসুম বিল্লাহ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণজিত মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত খিলগাঁও ফ্লাইওভারে পৌঁছে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী মাসুম বিল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও যানটি পুলিশ জব্দ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের ভাই বকুল জানান, মাসুম বিল্লাহ লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন। মঙ্গলবার রাতে তিনি বাড্ডায় একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারের ওপর একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহর বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কান্দুলিয়া গ্রামে। তিনি আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে লালবাগ শাহী মসজিদে অবস্থান করতেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। এ ছাড়া তিনি ছয় ভাই ও দুই বোনের মধ্যে একজন।
.png)


