Advertisement

গুলশান থেকে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট প্রতিবেদক
গুলশান থেকে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২
গুলশান এলাকা থেকে জাল নোটসহ গ্রেপ্তার দুই যুবক। ছবি: ডিএমপি

রাজধানীর গুলশান এলাকা থেকে ২৮ লাখ টাকার জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আল-আমিন (২৭) ও মো. সোহান হোসাইন (২৬)।

রোববার (২ আগস্ট) ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আনুমানিক বিকেল ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-১ এলাকার রোড নং-৩৪-এর একটি বাসার সামনে অভিযান চালানো হয়। খবর ছিল, সেখানে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছেন।

সংবাদের সত্যতা যাচাই করে গুলশান থানার একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে আল-আমিন ও সোহান হোসাইনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি ও হেফাজতে থাকা মালামাল থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জাল নোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।