৩০০ ফিটে ডাকাতির খবর গুজব, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ধরনের ডাকাতির ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও তথ্যকে বিভ্রান্তিকর উল্লেখ করে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও (রিলস) প্রকাশ করা হয়। তবে ভিডিওতে বর্ণিত ডাকাতির ঘটনার কোনো বাস্তবতা নেই। ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির এমন কোনো ঘটনা ঘটেনি।
ডিএমপি জানায়, প্রকৃত ঘটনা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে সংবাদ বা ভিডিও প্রচার জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে ডিএমপি।
পাশাপাশি কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য পেলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ।
