logo
Advertisement

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই
গুগল ম্যাপে মোহাম্মদপুর। কোলাজ ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মোহাম্মদপুরে দিনের আলোতেই এক ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে আটটার দিকে সাদেক খান রোডে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ীর নাম মো. হৃদয় মিয়া (২৫)। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী।

আহত হৃদয়ের বন্ধু মোহাম্মদ বিপ্লব জানান, সকালে হৃদয় মোটরসাইকেল চালিয়ে কেনাকাটার উদ্দেশ্যে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে যাচ্ছিলেন। পথিমধ্যে সাদেক খান রোড এলাকায় পৌঁছালে হঠাৎ অন্তত পাঁচজনের একদল ছিনতাইকারী তার পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা চাপাতি দিয়ে হৃদয়ের পিঠে ও কোমরে উপর্যুপরি কোপাতে থাকে।

একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে তার ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রক্তাক্ত অবস্থায় আসা ওই ব্যবসায়ী ঢাকা মেডিকেলে প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, তিনি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।