কাগজপত্র চাওয়ায় সার্জেন্টকে বাসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

রাজধানীর উত্তরায় যত্রতত্র বাস পার্কিংয়ের অভিযোগে সিগন্যাল দিয়ে কাগজপত্র চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্টকে বাসে আটকে রেখে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। পরবর্তীতে খবর পেয়ে বিমানবন্দর এলাকায় ব্যারিকেড দিয়ে বাসসহ চালক মো. সোহাগ ও হেলপার নয়ন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ভুক্তভোগী বিমানবন্দর জোনের ট্রাফিক সার্জেন্ট মো. সাজ্জাদ হোসেন এশিয়া পোস্টকে বলেন, বিআরটি লেনের রাজলক্ষ্মী এলাকায় ‘মহাখালী এক্সপ্রেস’ বাসটি যত্রতত্র পার্কিং করে আজমপুর পর্যন্ত জ্যাম সৃষ্টি করছিল। পরে বাসটিকে সিগন্যাল দিলে চালক তা অমান্য করার চেষ্টা করেন। সিগন্যাল অমান্য করায় বাসে উঠে চালকের কাছে গাড়ির কাগজপত্র চাইতে গেলে বাসের গেট লক করে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ওয়াকিটকি সেটের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোল রুমে যোগাযোগ করে সহযোগিতা চাইলে বিমানবন্দর এলাকায় ব্যারিকেড দিয়ে বাসটি আটক করা হয়।
গাড়ির চালক মো. সোহাগ বলেন, গাড়িটি হেলপারকে দিয়েছিলাম। ভুল করেছি বলেই এখানে (থানায়) আসতে হয়েছে। হেলপার নয়ন মিয়া বলেন, সার্জেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছি। কাজটা ঠিক হয় নাই। অপরাধ হইছে।
ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এশিয়া পোস্টকে বলেন, বাসটি জব্দ এবং চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





