logo

মতিঝিলে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

মতিঝিলে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উদ্ধার করা গুলির খোসা। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

রাজধানীর মতিঝিলে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলারসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (৭ জুন) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ লোকমান হোসেন (৪৫) মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা ছয়জন দুষ্কৃতিকারী তিনটি মোটরসাইকেলে করে এসে লোকমান হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় লোকমানের হাত ও পায়ে দুটি গুলি বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ লোকমান হোসেন। ছবি : এশিয়া পোস্ট
গুলিবিদ্ধ লোকমান হোসেন। ছবি : এশিয়া পোস্ট

এদিকে ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলির দুটি খোসা উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাই হওয়া ব্যাগে বিভিন্ন দেশের মুদ্রাসহ ১৭ হাজার ডলার ছিল। এদিকে ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ীর বরাত দিয়ে মতিঝিলের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ জানান, ব‍্যাগে বিভিন্ন দেশে মুদ্রা ছাড়াও ১৭ হাজার ডলার ছিল। তিনি বড় কোন ব্যবসায়ী ছিলেন না। সে বিভিন্ন জায়গায় খুচরা ব্যবসা করতেন।