প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয় দিয়ে পুলিশে কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে ৮ লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. এরশাদ আকন্দ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে টাঙ্গাইলের ভুঞাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৪ মে বিকেলে রাজধানীর শাহবাগ থানাধীন একটি হোটেলের নিচতলায় বসে এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর নিকটাত্মীয় হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি এক তরুণকে পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। পরে তার কাছ থেকে ধাপে ধাপে মোট ৮ লাখ ৪১ হাজার টাকা নেয় এরশাদ।
এদিকে নির্ধারিত সময়ে চাকরি দিতে না পারায় প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। পরে ভুক্তভোগী শাহবাগ থানায় অভিযোগ করলে এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলার তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের ভুঞাপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্ত এরশাদ আকন্দকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তার এরশাদের বিরুদ্ধে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
