উত্তরায় ফুটপাতে বিশেষ উচ্ছেদ অভিযানে গ্রেপ্তার ৬

রাজধানীর উত্তরায় মহাসড়কের দুই পাশের অবৈধ ফুটপাতে বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জসিমউদ্দীন থেকে হাউজবিল্ডিং পর্যন্ত দুই পাশের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এ সময় ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শাহজাহান হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহায়তা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
অভিযানে মহাসড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জায়গা দখলমুক্ত করা হয়।
পুলিশ জানায়, ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং সড়কে তৈরি হচ্ছিল যানজট ও নিরাপত্তা ঝুঁকি। সাধারণ মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযান শেষে ট্রাফিক উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহজাহান হোসেন জানান, ফুটপাত দখলের অভিযোগে এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আইন অনুযায়ী সাজা দেওয়া হবে।


