logo

শাহজালালে ৩৬ ভরি স্বর্ণালঙ্কারসহ আটক ৩

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
শাহজালালে ৩৬ ভরি স্বর্ণালঙ্কারসহ আটক ৩
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৩৬ ভরি স্বর্ণালঙ্কারসহ তিনজনকে আটক করেছে। ছবি: এপিবিএন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৯৭ দশমিক ৭ গ্রাম বা ৩৬ ভরি স্বর্ণালঙ্কারসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে এয়ারপোর্ট এপিবিএন। এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।

এয়ারপোর্ট এপিবিএন জানায়, তিনজনকে কার পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের দেহ তল্লাশি করে ৩৯৭ দশমিক ৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো ২২ ক্যারেটের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানায়, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ বাংলাদেশে আনা হয়েছে। চোরাচালানের উদ্দেশ্যে এসব পণ্য আনা হয়েছিল বলে পুলিশের দাবি।

এ ছাড়া আটক তিনজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এপিবিএন।

এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় নিয়মিত মামলা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি (১)(বি)/২৫-ডি ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে। মাদক ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।