logo
Advertisement

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা

এশিয়া পোস্ট প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা
ঢাকা মেট্রো পলিটন পুলিশের লোগো। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।

Advertisement

সোমবার (২৫ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল এলাকা এবং প্রবেশপথে পিকেট ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ডিবি (গোয়েন্দা পুলিশ) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা গোয়েন্দা নজরদারি ও বিশেষ অপারেশন পরিচালনা করবেন। এ ছাড়া সাদা পোশাকে সিটিএসবি ও আইএডির সদস্যরা বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহ ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় অনুষ্ঠানস্থল এবং জনসমাগম এলাকায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন (ডগ স্কোয়াড) ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

ডিএমপি জানায়, যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‍্যাব ও সিআইডির সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিতব্য আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র‍্যালিকে ঘিরে স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। সংশ্লিষ্ট থানার মোবাইল টিম প্রতিটি র‍্যালির সামনে ও পেছনে অবস্থান করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।

ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সরেজমিনে থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা হবে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল এবং ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরবাসীকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি সন্দেহজনক কোনো ব্যক্তি, বস্তু বা কার্যক্রম নজরে এলে দ্রুত নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানাতে অনুরোধ করা হয়েছে।