দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাস কেমন

বৃষ্টির কারণে কয়েক দিন ধরে ঢাকার বায়ুদূষণ তুলনামূলক কম থাকলেও বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও উঠে এসেছে রাজধানীর নাম। তবে শীর্ষ দূষিত শহরগুলোর তুলনায় ঢাকার বাতাসের মান বর্তমানে অনেকটা ভালো।
শনিবার (১৫ আগস্ট) আইকিউএয়ারের লাইভ বায়ুমান সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ২২তম। সকাল পর্যন্ত শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৮৬, যা ‘মাঝারি’ বা মোটামুটি গ্রহণযোগ্য মানের বাতাস হিসেবে বিবেচিত।
এদিকে ১৭২ একিউআই নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দূষিত শহরের তালিকায় জাকার্তার পর রয়েছে বাহরাইনের মানামা (১৬৯), কাতারের দোহা (১৬৭), ভারতের দিল্লি (১৬৬), মালয়েশিয়ার কুচিং (১৫৪) ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫১)
এছাড়া কঙ্গোর কিনশাসা (১৪৪), ভিয়েতনামের হ্যানয় (১৩৭), দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (১৩২) ও ইসরায়েলের তেল আবিব (১১৭)।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত একিউআই ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একিউআই ১৫১ থেকে ২০০ হলে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ একিউআই ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের বায়ু হিসেবে বিবেচিত। এ ধরনের বাতাসে বিশেষ করে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।


