তেজগাঁও সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানীর তেজগাঁও সাব-রেজিস্ট্রি কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার পর দুদকের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আল আমিন বলেন, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে তেজগাঁও সাব-রেজিস্ট্রি কমপ্লেক্সের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতেই মূলত এখানে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, এখানে আমাদের যে অভিযোগগুলো ছিল, তার মধ্যে একটি হচ্ছে একই জমির দুই মালিকানা এবং আরেকটি অভিযোগ হচ্ছে—একটি ভিটে জমি নাল জমি হিসেবে রেজিস্ট্রেশন করা হয়েছে। আমরা এখানে এসে বিষয়গুলো দেখেছি। মূলত ঘটনা হচ্ছে, বায়না দলিলে ৩ কোটিরও বেশি টাকা মূল্য দেখানো হয়েছিল। কিন্তু রেজিস্ট্রেশনের সময় ১ কোটি ৬০ লাখ টাকা বা এর কাছাকাছি মূল্য দেখানো হয়েছে। অর্থাৎ, এখানে স্পষ্টই বোঝা যায় যে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।
আল আমিন বলেন, বাড্ডা সাব-রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। সেই প্রেক্ষিতে দুদক অভিযান চালিয়েছে। এসব বিষয়ে আমরা মূলত রেকর্ডপত্র সংগ্রহ করেছি। সেগুলো আরও যাচাই-বাছাই করা হবে। আমরা খুব দ্রুত কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করব।
তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি, এখানে যারা ঘোরাফেরা করেন—নকলনবিশ, দলিল লেখক এবং অন্যান্য কর্মচারী—তাদের কারও কোনো আইডি কার্ড নেই।



