ঢাকা মহানগর পুলিশের নতুন নির্দেশনা জারি

রাজধানীতে শব্দদূষণ কমাতে নীরব (সাইলেন্ট) এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ জন্য নীরব এলাকায় সাইনবোর্ড স্থাপন, জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর ডিএমপি সদর দপ্তরে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক ও নাগরিকবান্ধব করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যানজট কমানো, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন প্রয়োগ, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নের বিষয়ও আলোচনায় উঠে আসে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধানের বিষয় তুলে ধরেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
কর্মকর্তাদের বক্তব্য শোনার পর ডিএমপি কমিশনার বলেন, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে রাজধানীবাসীকে আরও উন্নত ও জনবান্ধব ট্রাফিকসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, শব্দদূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। তাই নীরব এলাকায় সুস্পষ্ট সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বাড়িয়ে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে হবে।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)






