Advertisement

শাহজালাল বিমানবন্দরে গাড়ির ধাক্কায় প্রবাসী যাত্রী আহত

এশিয়া পোস্ট প্রতিবেদক
শাহজালাল বিমানবন্দরে গাড়ির ধাক্কায় প্রবাসী যাত্রী আহত
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি গাড়ি ধাক্কায় একজন দুবাই প্রবাসী যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে আহত ওই যাত্রীর নাম জানা যায়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছেন, এয়ার এয়ারিয়ার একটি এয়ারলাইন্সে ওই যাত্রী দুবাই থেকে সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারপর তিনি বিমান থেকে নামার পর এ দুর্ঘটনার শিকার হোন।

সূত্র আরও জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের র‍্যাম্পের অপারেটর ওই গাড়িটি চালাচ্ছিলেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মহিউদ্দিন এশিয়া পোস্টকে বলেন, এয়ার এয়াবিয়ার ফ্লাইট থেকে নামার পর ওই যাত্রী অসুস্থ ফিল করছিলেন। তখন ওই ফ্লাইটের একজন স্টাফ তাকে বে-তে বসিয়েছিলেন। ওই সময় র‍্যাম্প অপারেট সাইফুল গাড়ি ব্যাক (পিছনে) দিতে গিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ওই যাত্রী পড়ে হাতে আঘাত পান এবং আহত হন। পরে তাকে আমাদের লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় সাইফুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বিমানের এই কর্মকর্তা।