logo

নিবন্ধন সনদ নেই, ডেইরি ফার্মকে ৩০ হাজার টাকা জরিমানা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
নিবন্ধন সনদ নেই, ডেইরি ফার্মকে ৩০ হাজার টাকা জরিমানা
রাজধানীর পল্টন এলাকায় মেসার্স সালাম ডেইরি ফার্ম অ্যান্ড ফুড প্রোডাক্টস-এ বিএসটিআইয়ের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।

অভিযানে দেখা যায়, শান্তিনগরের ২১ নম্বর শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়কে অবস্থিত মেসার্স সালাম ডেইরি ফার্ম অ্যান্ড ফুড প্রোডাক্টস মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ছাড়াই ব্রেড, বিস্কুট, ফার্মেন্টেড মিল্ক, ঘি ও কেক উৎপাদন এবং বিক্রয়-বিতরণ করছে।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর রাশেদ আহমেদ, পরীক্ষক (মেট্রোলজি) এবং নুর জাহান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। অভিযানে ডিএমপির সদস্যরাও সহযোগিতা করেন।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম বলেন, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।