বংশালে মোটরসাইকেল পার্টসের গোডাউনে বিস্ফোরণ, নিহত ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
বংশালে মোটরসাইকেল পার্টসের গোডাউনে বিস্ফোরণ, নিহত ১
ছবি : সংগৃহীত

রাজধানীর বংশালে একটি মোটরসাইকেলের পার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেয়ালধসে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মামাতো ভাই নাজমুল (৩৩) দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বংশালের মুকিম বাজার এলাকার একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

আহত নাজমুল ঢাকা মেডিলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন হয়েছে। তিনি যশোরের শার্শা উপজেলায়। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

বাজারের ব্যবসায়ীরা এশিয়া পোস্টকে জানান, মুকিম বাজারের ‘বাইক পার্ক সেন্টার’ নামের একটি গ্যারেজ চালাতেন দেলোয়ার। নিচতলায় মালামাল রাখার একটি গোডাউন ছিল। আর তৃতীয়তলায় তিনি থাকতেন।

তারা আরও জানান, ভোরে গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ শুনে তৃতীয়তলা থেকে দেলোয়ার ও নাজমুল নিচে নেমে আসেন। ওই সময় আরও একটি বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা নাজমুলকে উদ্ধার করতে পারলেও দেলোয়ার ভেতরে আটকা পড়েন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। আহত নাজমুল বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।