logo

রাজধানীর ২৫ স্থানে কম দামে মিলছে দুধ-ডিম ও মাংস

রাজধানীর ২৫ স্থানে কম দামে মিলছে দুধ-ডিম ও মাংস

নিম্ন আয়ের মানুষের জন্য রাজধানীর ২৫ স্থানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে সরকার। 

রমজান উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রমজানে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারের কাছে কম দামে দুধ, ডিম ও মাংস করবে সরকার। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে। 

গত ৩ ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এ কর্মসূচির আওতায় প্রতি কেজি ড্রেসড ব্রয়লার মুরগি ২৪৫ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা, পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা দরে বিক্রি করা হবে।

ঢাকার যেসব স্থানে মিলবে এই সুবিধা

আব্দুল গনি রোড (সচিবালয়ের পাশে), খামারবাড়ি (ফার্মগেট), মিরপুর ৬০ ফুট রোড, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, মতিঝিলের আরামবাগ, মিরপুর কালশী, যাত্রাবাড়ীর মানিকনগর গলির মুখ, বাড্ডার শাহজাদপুর, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও রেলক্রসিংয়ের দক্ষিণ পাশ, নাখালপাড়া লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুর বাবর রোড, বসিলা, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং বঙ্গবাজার।