logo

উপকূল ও নদীতীরবর্তী এলাকার ৬১৫ মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্টগার্ড: কোস্টগার্ড ডিজি

উপকূল ও নদীতীরবর্তী এলাকার ৬১৫ মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্টগার্ড: কোস্টগার্ড ডিজি
মিরপুর কেন্দ্রীয় মন্দিরে ব্রিফ করছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান। ছবি: এশিয়া পোস্ট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সরকারি নির্দেশনার আলোকে উপকূলীয় অঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপাসনালয়সমূহের নিরাপত্তার পাশাপাশি ৬১৫টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ডের প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে এক ব্রিফিংয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। পূজা উৎসব যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য নিবিড় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

এ ছাড়াও পূজা চলাকালীন সময়ে এবং প্রতিমা বিসর্জনের সময় যেকোনো ধরনের নৌ-দুর্ঘটনা মোকাবিলায় কোস্টগার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে যোগাযোগের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এ সময় তিনি কোস্টগার্ডের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ ও আনন্দময় পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্যে শুভকামনা জানান এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।