logo
Advertisement

রাজধানীতে গৃহিণী গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

Asia Post Desk
রাজধানীতে গৃহিণী গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত জেসমিন আক্তার

রাজধানীর দারুস সালামে বাসার জানালা দিয়ে ছোড়া গুলিতে জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৩ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) র‍্যাব-৪-এর লে. কর্নেল মো. হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর দারুস সালামে নিজ বাসায় মহিলা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্রসহ তিনজনকে আলামতসহ গ্রেপ্তার করা হয়েছে।

হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আজ বিকেল ৩টার দিকে কারওরান বাজার র‍্যাব মিডিয়া অফিসে বিস্তারিত ব্রিফিং করা হবে।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় ওই গৃহিণীকে গুলি করা হয়।

আহতের স্বজনরা জানান, জেসমিন বেগম টিনশেড বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় হঠাৎ জানালা দিয়ে একটি গুলি এসে তার ডান হাতে লাগে। গুলির শব্দের পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় জেসমিনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

আহতের ছেলে মোহাম্মদ ইয়াসিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমার মা জানালা খোলা রেখে টিভি দেখছিলেন। হঠাৎ বাইরে থেকে জানালা দিয়ে গুলি করা হয়। কারা এবং কী কারণে আমার মাকে গুলি করেছে, সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না।

তিনি জানান, জেসমিন বেগমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার উত্তর দাললা গ্রামে। তিনি আব্দুল মান্নানের স্ত্রী এবং পেশায় গৃহিণী। বর্তমানে তিনি দারুস সালামের মসজিদ গলি এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দারুস সালামের মাতবরবাড়ি মসজিদ গলি এলাকা থেকে গুলিবিদ্ধ এক নারী হাসপাতালে এসেছেন। তার ডান হাতে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।