logo
Advertisement

ঢাকায় পর পর দুটি ককটেল বিস্ফোরণ

ঢাকায় পর পর দুটি ককটেল বিস্ফোরণ
মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ফাইল ছবি

রাজধানীর মালিবাগে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে মালিবাগের ফরচুন শপিং মলের সামনে দুর্বৃত্তরা এই ককটেলের বিস্ফোরণ ঘটায়।

তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ককটেল বিস্ফোরণের বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, মালিবাগে একটি দু’তলা, একটি তিন তলা দুটি ফ্লাইওভার রয়েছে। ওপরের ফ্লাইওভার থেকে কে বা কারা যেন দুটি ককটেল ফেলেছে। ককটেলগুলো আমাদের পুলিশের চেকপোস্টের দশ পনেরো হাত দূরে পড়েছে।

এক প্রশ্নের জবাবে ওসি আমিরুল বলেন, এতে কেউ আহত হয়নি, তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তারও করা সম্ভব হয়নি।

এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে ১১টার দিকে প্রথমে জগন্নাথ হল গেটের কাছে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকাতেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব বিস্ফোরণের পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার পরপরই বিস্ফোরণের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে হামলাকারীদের শনাক্ত করার লক্ষ্যে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে একই দিন দুপুরে সুপ্রিম কোর্ট এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই প্রধান বিচারপতির গেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।