উত্তরায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ইয়াবাসহ মাদক কারবারি ও দশ মামলার আসামি মো. জামালকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরার উপপুলিশ কমিশনার কার্যালয়ে সোমবার (১৫ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ।
তিনি জানান, উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯/ডি সড়ক থেকে রোববার (১৪ জুন) রাতে জামালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারির বিরুদ্ধে পূর্বেও তুরাগ থানায় ৯টি এবং উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। সব মামলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।
এদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, জামাল দীর্ঘদিন ধরে তুরাগ ও উত্তরা এলাকায় মাদক কারবার করে আসছিল। মাদক মামলায় সে জেল হাজতে গেলেও জামিনে মুক্ত হয়ে মাদক কারবার চালাতো।