Advertisement

সংঘর্ষের পর উত্তরা মহাসড়ক থেকে বিধ্বস্ত প্রাইভেটকার-ট্রাক জব্দ

এশিয়া পোস্ট প্রতিবেদক
সংঘর্ষের পর উত্তরা মহাসড়ক থেকে বিধ্বস্ত প্রাইভেটকার-ট্রাক জব্দ
উত্তরা মহাসড়ক থেকে জব্দ করা ট্রাক ও প্রাইভেটকার। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর উত্তরার মহাসড়কে প্রাইভেটকারের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা স্কলাস্টিকা স্কুলের সামনের বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিআরটি লেনের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Advertisement

সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনাটি স্কলাস্টিকা স্কুলের ঠিক সামনের সড়কে ঘটে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ ২৮-২৩৭০) মহাসড়কে পূর্ব-পশ্চিম দিকে আড়াআড়ি হয়ে পড়ে ছিল। সেটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং পেছনের অংশ সড়ক বিভাজকের লোহার গ্রিলের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বালু বোঝাই ট্রাকটির (ঢাকা মেট্রো-ট ২২-৯৯৬৯) সামনের এক্সেল ও চেসিস ভেঙে ও বেঁকে গিয়ে বিকল হয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাকে থাকা মো. সেলিম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিমানবন্দর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যরা রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেয়।

আটক সেলিম ‘এশিয়া পোস্ট’কে বলেন, আমি কাজের উদ্দেশ্যে ঢাকায় আসছিলাম। ট্রাকের হেলপার রাকিব আমার পরিচিত হওয়ায় তার সহযোগীতায় উঠেছিলাম। বিমানবন্দর এলাকায় সামনের দিক থেকে আসা একটি প্রাইভেটকার অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে আমাদের ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা খায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। আমি ট্রাক থেকে নামার সময় স্থানীয় লোকজন আমাকে ধরে পুলিশে দেয়। বালু বোঝাই ট্রাকটি লালমনিরহাটের পাটগ্রাম থেকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শী সঞ্জয় হালদার ‘এশিয়া পোস্ট’কে বলেন, আমি অফিস থেকে বাসায় ফেরার সময় দেখি ঢাকাগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে বিআরটি উড়াল সেতু থেকে নেমে গাজীপুরগামী একটি প্রাইভেটকারকে মুখোমুখি ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের চালক ও যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় পথচারীরা।

ঘটনাস্থলে থাকা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তবে এসে আহত কাউকেই পাইনি। ট্রাক থেকে সেলিম নামের একজনকে আটক করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট নোমান বলেন, নাইট ডিউটিতে থাকাকালে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এসে কোনো আহত বা নিহত ব্যক্তিকে পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।