logo

রাজধানীতে ঘরের গ্রিল কেটে ৭০ লাখ টাকার স্বর্ণ চুরি

রাজধানীতে ঘরের গ্রিল কেটে ৭০ লাখ টাকার স্বর্ণ চুরি
ঘরের ভেতরের সব জিনিসপত্র এলোমেলো ও ছড়ানো-ছিটিয়ে রাখার দৃশ্য। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি আবাসিক ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসা থেকে নগদ এক লাখ টাকা, প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৩০ ভরি স্বর্ণালংকার এবং দুটি স্মার্টফোনসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টা থেকে রাত ১১টার মধ্যে পল্লবীর ১৪ নম্বর রোডের ২৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা মো. গোলাম কিবরিয়া (৬৫) পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল আনুমানিক ৪টার দিকে গোলাম কিবরিয়া ফ্ল্যাটে তালা দিয়ে তার দোকানে যান। এর আগেই তার স্ত্রী বোনের মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন।

রাত ১১টার দিকে গোলাম কিবরিয়া বাসায় ফিরে মূল দরজার তালা খোলার চেষ্টা করেন। কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেও চাবি দিয়ে তালা খুলতে না পেরে তিনি একজন তালা মিস্ত্রি ডেকে আনেন। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, ফ্ল্যাটের দক্ষিণ দিকের জানালার গ্রিল কাটা এবং ঘরের ভেতরের সব জিনিসপত্র এলোমেলো ও ছড়ানো-ছিটিয়ে রয়েছে।

ভুক্তভোগী জানান, চোর চক্র আলমারি ভেঙে ভেতরে রাখা নগদ এক লাখ টাকা, আনুমানিক ৭০ লাখ টাকা মূল্যের ৩০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, ১৮ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং ও ২৫ হাজার টাকা মূল্যের একটি ওপ্পো স্মার্টফোনসহ আরও প্রায় ২০ হাজার টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

গোলাম কিবরিয়া আরও জানান, ঘটনার পর আশপাশের প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা এবং চুরি হওয়া মালামালের হিসাব মেলাতে থানায় আসতে তার কিছুটা দেরি হয়েছে। পরে শুক্রবার (১৯ জুন) তিনি পল্লবী থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে তদন্ত শুরু হয়েছে।