রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় মোহাম্মদ রফি (২৬) নামের এক যুবক দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আহত রফির বন্ধু সজীব জানান, রফি অনলাইনে টি-শার্ট প্রিন্ট ও বিক্রির কাজ করেন। ঘটনার সময় স্থানীয় কয়েকজন মো. ইমন, শাহাবুদ্দিন, রেজাউল ও মিন্টু তার কাছে শাহিন নামের এক ব্যক্তির খোঁজ করেন। খোঁজ দিতে না পারায় তাকে মারধর করা হয় এবং এক পর্যায়ে তার ডান পাঁজরে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত মোহাম্মদ রফির বাড়ি লালবাগ শহীদনগর এলাকার ২০/১ নম্বর বাসায়। তার বাবার নাম তাজ উদ্দিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় রফিকে হাসপাতালে আনা হয়েছে এবং তার অবস্থা অত্যন্ত গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।