মাদ্রাসার টয়লেটে মিলল ছাত্রের মরদেহ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

রাজধানীর রামপুরার একটি মাদ্রাসার টয়লেট থেকে মো. আব্দুল্লাহ নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) ডিএমপির রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রামপুরার বনশ্রীর সি ব্লকের ৩ নম্বর সড়কের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার তৃতীয় তলার বাথরুম থেকে মঙ্গলবার (১৯ মে) রাতে গামছা পেছানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য আজ (বুধবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়ে বলেও জানান তিনি।
নিহত ওই মাদ্রাসা ছাত্র হলেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার অনুপনগর গ্রামে আবুল কালাম আজাদের ছেলে।
এসআই সাইফুল বলেন, নিহত ওই ছাত্রের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন দেখা গেছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে। পরে তাকে হত্যা করা হয়েছে বা ছাত্র নিজেই আত্মহত্যা করেছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই সাইফুল।
