Advertisement

শাহজালালে ২ কোটি টাকার সিগারেট, স্বর্ণ ও মদ জব্দ

এশিয়া পোস্ট প্রতিবেদক
শাহজালালে ২ কোটি টাকার সিগারেট, স্বর্ণ ও মদ জব্দ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা সিগারেট, স্বর্ণালংকার, গৌরি ক্রিম ও মদ। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ গৌরি ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। দুবাই ও কলকাতা থেকে আসা বিভিন্ন ফ্লাইটের যাত্রী এবং ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় থাকা সন্দেহজনক ব্যাগ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর সূত্র এশিয়া পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এগুলো জব্দ করা হয়।

জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকার বিদেশি সিগারেট, ৩০ লাখ টাকার স্বর্ণালংকার, ২ লাখ ৪০ হাজার টাকার নিষিদ্ধ গৌরি ক্রিম এবং ১৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। এ সময় ১ নম্বর ব্যাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় তিনটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগগুলো তল্লাশি করে মন্ড ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

একই সময়ে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটে আগত যাত্রীদের কাছ থেকে আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

কাস্টমসের হিসাবে, জব্দ সিগারেটগুলোর বাজারমূল্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। তবে প্রযোজ্য শুল্ক-কর এবং ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স (টিটিআই) যোগ করলে এর মোট মূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।

এ ছাড়া একই ফ্লাইটে আগত যাত্রী মো. তাজুল ইসলামের হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকিয়ে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পাসপোর্ট যাচাইয়ে দেখা যায়, তিনি চলতি বছরের ১০ জুন শুল্ক-কর পরিশোধ ছাড়াই ১০০ গ্রাম স্বর্ণালংকার দেশে এনেছিলেন। ব্যাগেজ বিধিমালা, ২০২৫ অনুযায়ী একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত স্বর্ণালংকার শুল্কমুক্তভাবে আনার সুযোগ না থাকায় নতুন করে আনা স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দ স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা এবং শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এদিকে আরও ১২ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া কলকাতা থেকে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১ লিটার বিদেশি মদ (হুইস্কি) জব্দ করা হয়। এসব মদের বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা হলেও ৬১০ দশমিক ৩০ শতাংশ শুল্ক-কর যোগ করলে মোট মূল্য দাঁড়ায় প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এই অভিযানে জব্দ করা পণ্যের কাস্টমস শুল্ক ও করসহ মোট আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা। এ ঘটনায় কাস্টমস আইন ও ব্যাগেজ বিধিমালার আওতায় যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালান, শুল্ক-কর ফাঁকি এবং নিষিদ্ধ পণ্য আমদানি প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।