চলন্ত বাসে ওঠানো হচ্ছিল যাত্রী, চাকার নিচে পড়ে প্রাণটাই হারালেন

রাজধানীর রামপুরায় চলন্ত বাসে যাত্রী তোলার সময় পা পিছলে চাকার নিচে পিষ্ট হয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রামপুরা ব্রিজ পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আলিফ এন্টারপ্রাইজের একটি বাস মিরপুর থেকে স্টাফ কোয়ার্টারের উদ্দেশ্যে যাচ্ছিল। রামপুরা ব্রিজের ঢাল এলাকায় বনশ্রীমুখী সড়ক অতিক্রমের সময় বাসটি থামানো ছাড়াই চলন্ত অবস্থায় যাত্রী তোলার চেষ্টা করা হয়। এ সময় এক যাত্রী বাসে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি শাহ খন্দকার সাজেদুল আলম (৫০)। তার বাবার নাম শাহ খন্দকার নজরুল আলম এবং মায়ের নাম নূরুন নাহার আলম। তিনি ঢাকার সূত্রাপুর এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পরপরই আলিফ এন্টারপ্রাইজের বাসটি জব্দ করে পুলিশ। একই সঙ্গে বাসটির চালক মো. সাব্বিরকে (২৭) আটক করা হয়। সাব্বির ঝালকাঠী জেলার সদর উপজেলার পালবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. খোকন এবং মায়ের নাম মোছা. রোজি।
প্রত্যক্ষদর্শী হুমায়ূন কবির জানান, জব্দ করা বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৪০৫। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে রামপুরা থানায় নেওয়া হয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ এবং চালককে আটক করেছে। নিহত ব্যক্তি আকিজ গ্রুপে ফিজিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)







